বয়সের ব্যবধান নয়, চরিত্রের গুরুত্বই তাঁর কাছে বড়—‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুরের সৎমা কৈকেয়ীর ভূমিকায় অভিনয় নিয়ে এমন মনোভাবের কথা জানিয়েছেন অভিনেত্রী লারা দত্ত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। রণবীরের চেয়ে মাত্র চার বছরের বড় হলেও তাঁর মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না বলে জানান লারা।
তিনি বলেন, অভিনয়শিল্পীরা এখন চরিত্রকে পর্দায় যথাযথভাবে তুলে ধরার বিষয়টিকেই গুরুত্ব দেন। বয়সের ব্যবধান নিয়ে পুরোনো ধারণায় আটকে থাকার প্রয়োজন নেই।
কৈকেয়ী চরিত্রের প্রস্তুতি সম্পর্কে লারা জানান, পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বসে চরিত্রটির অতীত ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কেন কৈকেয়ী দুটি বর চেয়েছিলেন, রাজা দশরথের সঙ্গে তাঁর সম্পর্ক এবং চরিত্রটির শিকড়—এসব বিষয়ও ছিল আলোচনায়।
লারা এর আগে ‘বেলবটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সীতা, রাবণ ও লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সাই পল্লবী, যশ ও রবি দুবে।
