ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের সম্পত্তি নিয়ে নেওয়া এক সিদ্ধান্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে। মৃত্যুর পর নিজের অর্জিত সম্পত্তি পরিবারের পরিবর্তে তামিল জনগণের কল্যাণে ব্যয় করার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা।
চার দশকের বেশি সময় ধরে দক্ষিণী সিনেমায় রাজত্ব করা রজনীকান্তের সম্পদের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত তাঁর মালিকানাধীন ‘রাঘবেন্দ্র মণ্ডপ’ও রয়েছে এই পরিকল্পনায়।
১৯৮৯ সালে প্রায় ১ দশমিক ২৫ একর জমির ওপর মণ্ডপটি নির্মাণ করেন তিনি। ২০১৫ সালের চেন্নাই বন্যার সময় সেখানে বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্তের উইলে তাঁর সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, তামিলনাড়ুর মানুষ টিকিট কিনে তাঁর সিনেমা দেখেছেন এবং ক্যারিয়ার গঠনে ভূমিকা রেখেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা থেকেই সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করতে চান তিনি।
