ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভু দেবার সঙ্গে বিচ্ছেদের পরও আলোচনায়, ৩০০ কোটি টাকার মালিক নয়নতারা

প্রভু দেবার সঙ্গে বিচ্ছেদের পরও আলোচনায়, ৩০০ কোটি টাকার মালিক নয়নতারা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে দুই দশকের বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন অভিনেত্রী নয়নতারা। অভিনয়, ব্যবসা ও প্রযোজনা—বিভিন্ন খাত থেকে আয় করে বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকার সম্পদের মালিক তিনি। ব্যক্তিজীবনের নানা ঘটনা ও বিতর্কের পাশাপাশি তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবনও আলোচনায় রয়েছে।

১৮ নভেম্বর নয়নতারার জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর প্রকৃত নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। বাবার চাকরির কারণে ভারতের বিভিন্ন শহরে বেড়ে ওঠেন তিনি। পরে কেরালার একটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাশিনাকারে’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার। প্রথম সিনেমা সফল হওয়ার পর একের পর এক অভিনয়ের প্রস্তাব পান। ২০০৫ সাল থেকে তামিল ও তেলেগু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন। ‘চন্দ্রমুখী’, ‘গজনি’, ‘বিল্লা’ ও ‘ইয়ারাডি নে মোহিনি’ তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিক ফিল্মফেয়ার ও নান্দী পুরস্কারও পেয়েছেন তিনি।

পরবর্তী সময়ে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি নারীকেন্দ্রিক ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেন নয়নতারা। ‘মায়া’, ‘আরাম’ ও ‘কোলামাভু কোকিলা’ তাঁর উল্লেখযোগ্য সিনেমা। ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।

ব্যক্তিজীবনেও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী। অভিনেতা সিলাম্বরাসান ও পরিচালক প্রভু দেবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক আলোচনা হয়। প্রভু দেবার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিংয়ে পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০২২ সালের ৯ জুন তাঁরা বিয়ে করেন। একই বছরের অক্টোবরে সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা-বাবা হন তাঁরা। বিষয়টি নিয়ে তদন্ত হলেও পরে কর্তৃপক্ষকে তাঁরা নিয়ম মেনে সারোগেসির কথা জানান।

অভিনেতা ধানুশের সঙ্গেও তথ্যচিত্রে সিনেমার ফুটেজ ব্যবহারের অনুমতি নিয়ে আইনি বিরোধে জড়ান নয়নতারা। পরে তথ্যচিত্রটি নেটফ্লিক্সে মুক্তি পায়।

জিকিউ সাময়িকীর তথ্য অনুযায়ী, নয়নতারার সম্পদের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ৭ থেকে ৮ কোটি টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিনয়ের পাশাপাশি স্বামীর সঙ্গে ‘রাওডি পিকচার্স’ নামে প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি।

গত বছর দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউটিউবে তাঁকে নিয়ে ভুয়া খবর ও গসিপ প্রচারের সমালোচনা করেন নয়নতারা। তাঁর ভাষ্য, কিছু ইউটিউবার স্বীকার করেছেন, তাঁর নাম ব্যবহার করলে বেশি ভিউ পাওয়া যায় এবং তা থেকে আয় হয়।