চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি হওয়ার কথা রয়েছে। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছেন, শুনানিতে আদালতে উপস্থিত থাকবেন পরীমণি।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের করা মামলায় পরীমণিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।
মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তাঁর খালু কবীর হোসেন হাওলাদার।
২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে।
