ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাখণ্ডে ৩০০ ফুট গভীর খাদে বাস, নিহত ৬; আহত অন্তত ২০

উত্তরাখণ্ডে ৩০০ ফুট গভীর খাদে বাস, নিহত ৬; আহত অন্তত ২০

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়ওয়াল জেলায় একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার বা ৩০০ ফুট নিচে গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাদে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হচ্ছে।

হরিদ্বার থেকে চামোলি যাওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে গুলার বাজারের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুলার সেতুর নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ব্যাসি ও ঢালওয়ালা পোস্ট থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করতে তেহরি জেলা ম্যাজিস্ট্রেট নীতিকা খান্ডেলওয়াল এবং সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবেসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে সোমবার গভীর রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার বাঁশওয়াড়া-মোহনখাল মোটর সড়কে পৃথক এক দুর্ঘটনায় একটি বোলেরো গাড়ি গভীর খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

পুলিশ জানায়, গাড়িটি পোখরি থেকে রানসি যাওয়ার পথে ভাটওয়ারি-কান্দারার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় নিহত চারজন হলেন কুঁয়ার সিং (৬০), মদন সিং (৪০), সুরজ সিং (৪২) ও বলবীর সিং (৭০)। আহতরা হলেন উম্মেদ সিং (৫২), রাজেন্দ্র সিং (৫৬), লাভিশ রানা (২৫), বংশিকা (৮), ঊর্মিলা দেবী (৩৩) ও পূজা দেবী (৩৪)।

রাত ১০টার দিকে ‘ডায়াল ১১২’-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। গাড়িটিতে নয় থেকে ১০ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়। রুদ্রপ্রয়াগ সার্কেল অফিসারের তত্ত্বাবধানে অগস্ত্যমুনি থানা, এসডিআরএফ, ডিডিআরএফ ও ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রাতভর অভিযান চালিয়ে খাদে আটকে পড়া সবাইকে উদ্ধার করে।