বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও ২০২৭ সালে তা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে আগামী বছর প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে জানানো হয়েছে।
তিন সপ্তাহ ধরে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। আগের জরিপে ২০২৭ সালের জন্য প্রতি আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৬১০ ডলার নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে, ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়ে ৪ হাজার ৪৯৫ ডলার করা হয়েছে। এর আগে এই পূর্বাভাস ছিল ৪ হাজার ৫০৯ ডলার।
বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা এবং সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার প্রত্যাশায় স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছেছিল। পরে বাজারে বড় ধরনের দরপতন ঘটে। তবে আগামী কয়েক মাসে দাম স্থিতিশীল হয়ে পুনরায় বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
