ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অতিরিক্ত উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, বাণিজ্যনীতিতে আসতে পারে পরিবর্তন

বাংলাদেশের অতিরিক্ত উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, বাণিজ্যনীতিতে আসতে পারে পরিবর্তন

বাংলাদেশের বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলছে বলে উল্লেখ করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত এক বিশেষ তদন্ত প্রতিবেদনে বাংলাদেশের উৎপাদন খাত ও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব তুলে ধরা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যগুলোর উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

প্রতিবেদনে বাংলাদেশের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বিষয়টি মার্কিন অর্থনীতির জন্য প্রভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈশ্বিক বাজারে এ পরিস্থিতি কীভাবে প্রতিযোগিতায় প্রভাব ফেলছে, তা নিয়েও পর্যবেক্ষণ তুলে ধরেছে ইউএসটিআর।

বিশ্লেষকদের মতে, প্রতিবেদনটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি, বাজারে প্রবেশাধিকার ও শুল্কসংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নীতিগত পরিবর্তনের ঘোষণা আসেনি।

এদিকে, বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবিলায় বাংলাদেশের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছেন সংশ্লিষ্টরা।