ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রি আপাতত বন্ধ রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সোয়াপ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দর ১২৫ টাকার মধ্যে রাখাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানানো হয়েছে।
সোয়াপ ব্যবস্থায় নির্দিষ্ট মেয়াদে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে টাকা ও ডলার অদলবদল হয়। মেয়াদ শেষে নির্ধারিত শর্তে অর্থ ফেরত দিতে হয়।
ব্যাংকারদের মতে, সরকারি ঋণপত্রের (এলসি) দায় পরিশোধের চাপ সামলাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার কয়েকটি ব্যাংক প্রতি ডলার ১২৫ টাকা ২০ থেকে ৩০ পয়সা দরে রেমিট্যান্স কিনেছে।
চলতি অর্থবছরে রিজার্ভ থেকে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিক্রি করেও বিনিময় হার নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত ফল পায়নি কেন্দ্রীয় ব্যাংক। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া সোয়াপ ব্যবস্থায় সাত থেকে ৯০ দিন পর্যন্ত লেনদেনের সুযোগ রয়েছে।
