আর্থিক সংকটে থাকা ইসলামী ব্যাংক পুনরুদ্ধারে সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছে। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকে পাঠানো ১৩ দফা প্রস্তাবে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মোকাবিলা ও সরকারি সহায়তার বিষয় তুলে ধরা হয়েছে।
ব্যাংকটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চেয়েছে। পাশাপাশি ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তা এবং সিআরআর-এসএলআর ঘাটতির জরিমানা মওকুফের প্রস্তাব দিয়েছে।
প্রস্তাবে অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার অনাপত্তি চাওয়া হয়েছে। সরকার বা সরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে ব্যাংকটির ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে।
ব্যাংকটির জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ।
