আর্থিক খাতের চলমান সংকট ও নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের ব্যাংকগুলোতে বাড়ছে আমানতের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। সংশ্লিষ্টরা এটিকে গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।
চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। এক বছর আগের তুলনায় আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে সংকটে থাকা ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে। পাশাপাশি ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা সম্পন্ন হয়েছে।
তবে আমানত বৃদ্ধির তুলনায় ঋণ বিতরণের প্রবৃদ্ধি কম। এক বছরে ঋণ ও অগ্রিম বেড়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, আমানত বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো গেলে বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব পড়বে।
