ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সোনার মজুত ৩৫৭ মণ, বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সোনার মজুত ৩৫৭ মণ, বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সোনার মজুত বাড়াচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বাংলাদেশের সোনার মজুত প্রায় ৩৫৭ মণ বা ১৪ দশমিক ২৮ টন। অন্যদিকে ৮ হাজার ১৩৩ টন সোনা নিয়ে বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, সোনার মজুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি (৩,৩৪৯ টন)। এরপর রয়েছে ইতালি (২,৪৫২ টন), ফ্রান্স (২,৪৩৭ টন), চীন (২,৪১০ টন), রাশিয়া (২,২৬৪ টন), সুইজারল্যান্ড (১,০৪০ টন), ভারত (৮৮১ টন), জাপান (৮৮১ টন) ও পোল্যান্ড (৬৭৩ টন)।

এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে মজুত রয়েছে ২ হাজার ৮১৪ টন সোনা।

বাংলাদেশের মজুত সোনার বড় অংশ যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত রয়েছে। অবশিষ্ট সোনা রয়েছে কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে।

গত অর্থবছরে বাংলাদেশের সোনার মজুত অপরিবর্তিত থাকলেও দাম বৃদ্ধির কারণে এর বাজারমূল্য বেড়েছে ২ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা।

মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক সংঘাত, ডলারের ওপর নির্ভরতা কমানো এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কিনছে।

২০২৬ সালের প্রথম নয় মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ৬৭৫ টন সোনা কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।