ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্পে ১৮ দিনের অস্থিরতায় ৫ হাজার ৩৩৮ কোটি টাকার ক্ষতি, বিদেশে চলে গেল ৩ হাজার ১৬৮ কোটি টাকার ক্রয়াদেশ

পোশাকশিল্পে ১৮ দিনের অস্থিরতায় ৫ হাজার ৩৩৮ কোটি টাকার ক্ষতি, বিদেশে চলে গেল ৩ হাজার ১৬৮ কোটি টাকার ক্রয়াদেশ

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারকেরা। মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতি হয়েছে প্রায় ৫ হাজার ৩৩৮ কোটি টাকা। একই সময়ে বিদেশি ক্রেতারা প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকার নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

রোববার (২২ নভেম্বর) বিজিএমইএর মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিএমইএ জানায়, পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার প্রভাব নিরূপণে সদস্য কারখানাগুলোর ওপর চার দিনব্যাপী জরুরি জরিপ পরিচালনা করা হয়। এতে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কারখানায় এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন উৎপাদন বন্ধ ছিল।

এর ফলে রপ্তানিমূল্য বা এফওবি হিসাবে সরাসরি উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৩৩৮ কোটি টাকা।

তবে উৎপাদন বন্ধের ক্ষতিই একমাত্র সংকট নয়। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অনেক কারখানাকে অতিরিক্ত খরচে আকাশপথে পণ্য পাঠানো, ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং ক্রয়াদেশ বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাংলাদেশের পোশাকশিল্পের ওপর আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা কমতে শুরু করেছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, বিদেশি ক্রেতারা ইতিমধ্যে প্রায় ৫ কোটি ৯০ লাখ পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ প্রতিযোগী দেশগুলোতে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের মোট মূল্য প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা।

বিজিএমইএর দাবি, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত পরিস্থিতির একটি অংশমাত্র। চলমান অস্থিরতায় ছয় শতাধিক সদস্য কারখানা ক্ষতিগ্রস্ত হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। এ ছাড়া ১৮ নভেম্বরের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে।

সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির চেয়েও বড় উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা নিয়ে। বিদেশি ক্রেতারা বিকল্প দেশে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ায় ভবিষ্যতে রপ্তানি আয় ও নতুন ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এমন পরিস্থিতিতে জাতীয় অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবিকার স্বার্থে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।