ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ১৫ দিনের অস্থিরতার পর গাজীপুরে বড় পরিবর্তন

টানা ১৫ দিনের অস্থিরতার পর গাজীপুরে বড় পরিবর্তন

টানা ১৫ দিনের শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। শনিবার (২১ নভেম্বর) প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কাজে ফিরেছেন বিপুলসংখ্যক শ্রমিক।

সকালে কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, ভোগড়া, ভবানীপুর, মাওনা ও টঙ্গীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়।

শিল্প পুলিশ জানিয়েছে, প্রায় ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তবে বাঘেরবাজার ও নতুনবাজার এলাকার তিনটি কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

শ্রমিকনেতা কাজী রুহুল আমিন জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বৃদ্ধির আশায় শ্রমিকেরা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব না থাকায় অসন্তোষ রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।