খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুন্দর ভবিষ্যৎ গড়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগিরই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি বছরজুড়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলার আয়োজন এবং স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা চালুর ওপর গুরুত্ব দেন তিনি।
আমিনুল হক আরও বলেন, পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল অংশ নেওয়ায় টুর্নামেন্টটি আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি করেছে। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি এবং বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের কথাও জানান মন্ত্রী।
১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন, আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
