ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রোববার শুরু হচ্ছে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো

রোববার শুরু হচ্ছে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো

বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা বিশ্ববাজারে তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল রোববার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ আয়োজন চলবে ১৫ থেকে ১৭ নভেম্বর। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) অনুষ্ঠিত হবে এ এক্সপো।

শনিবার রাজধানীর রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক্সপোর লক্ষ্য, প্রস্তুতি, বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ এবং রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণের কৌশল তুলে ধরেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশ থেকে ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

এবারের এক্সপোতে অ্যাপারেলস ও টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নেবে।

আয়োজকরা জানান, তিন দিনের এ আয়োজনে থাকবে চারটি বিশেষ সেমিনার, কারখানা পরিদর্শন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক (বি-টু-বি), ২৪০টি স্টল, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শো। এতে বহুজাতিক কোম্পানি, সরবরাহ ব্যবস্থাসংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও অংশ নেবেন।

আয়োজকদের আশা, এ এক্সপোর মাধ্যমে বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজে পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশের বৈচিত্র্যময় রপ্তানি খাত ও সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পাবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।