ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

পাঁচ বছরের মধ্যে মানুষের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছানোর লক্ষ্য সরকারের

পাঁচ বছরের মধ্যে মানুষের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছানোর লক্ষ্য সরকারের

আগামী পাঁচ বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ’ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্রেস্ট, কলোরেক্টাল ও ওরাল ক্যান্সারে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। এসব ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে কার্যকর উদ্যোগ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।

ক্যান্সার মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে এম এ মুহিত বলেন, এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম ও ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে বলেও জানান তিনি। এসব উদ্যোগের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি উপস্থিত ছিলেন।