শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা পলাতক মানবতাবিরোধী অপরাধী এবং হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাঁর পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও বোমাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ফ্যাসিস্টরা কলকাতায় বসে দেশে কর্মীদের দিয়ে বোমাবাজি করছে। তবে বিএনপির নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডে ভয় পান না। শত নিপীড়ন ও নির্যাতনের পরও তাঁরা রাজপথ ছাড়েননি; সাহসের সঙ্গে গুলির সামনে বুক পেতে দিয়েছেন।
তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও পেট্রোল বোমা হামলা চালিয়ে দেশে শুরু হওয়া গণতান্ত্রিক যাত্রা থামানো যাবে না। পতিত অপশক্তির সন্ত্রাসের বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক শক্তি পথে পথে ও মোড়ে মোড়ে প্রতিরোধ গড়ে তুলবে।
