ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায়—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিমন্ত্রীর এ বক্তব্য মূলত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল।
বিবৃতিতে জুবায়ের বলেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিকে উৎসাহিত করার শামিল। ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার নামে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা দেওয়া কোনোভাবেই নৈতিক বা আইনসম্মত হতে পারে না। উপহারের নামে এ ধরনের লেনদেন ঘুষ ও দুর্নীতিরই ভিন্ন রূপ।
তিনি আরও বলেন, সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেখানে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর এমন বক্তব্য দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়াতে পারে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় ও দুর্নীতির পথ আরও প্রশস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জুবায়ের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হতে হবে আপসহীন। উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং এ ধরনের বক্তব্যের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন।
বিবৃতিতে তিনি গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের ‘সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয়’ মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন। ওই বক্তব্যের কারণে মন্ত্রী তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
জুবায়ের আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করে এমন বক্তব্য তাঁদের শপথ ও পদমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
