ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান

আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান

আওয়ামী লীগের শক্তি নিয়ে প্রশ্ন তুলে দলটির সাবেক সভাপতি শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ এত শক্তিশালী হলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন ও শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন জামায়াত আমির। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও সরকারের সমালোচনা করেন।