জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর পরপর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে দলটির নেতাদের মধ্যে। ঘটনাগুলোর পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মাঠপর্যায়ে রাজনৈতিক কর্মসূচি জোরদার করছে দলটি।
গত মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা হয়। পরদিন মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। নুসরাতের অভিযোগ, পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে। এর আগে তিনি হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
এনসিপির নেতারা বলছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাঁদের অভিযোগ, সরকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি।
ঘটনার প্রতিবাদে ঢাকায় মশালমিছিল করেছে এনসিপি। পাশাপাশি জেলা পর্যায়েও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
