ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

  শেষ মুহূর্তে পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

  শেষ মুহূর্তে পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও সময়সূচির সমন্বয় না হওয়ায় তা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা সংলাপ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, গত সপ্তাহে ভারত কূটনৈতিক পত্রের মাধ্যমে বৈঠকটি স্থগিতের অনুরোধ জানায়। দুই পক্ষের সম্মতিতে সংলাপ আয়োজনের প্রস্তুতি চললেও নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। ফলে চলতি বছর বৈঠকটি হওয়ার সম্ভাবনা কম।

সংলাপে সীমান্তে পুশইন বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি এবং পারস্পরিক আইনি সহযোগিতার মতো বিষয় আলোচনার কথা ছিল।

২০১৭ সালে শুরু হওয়া এ সংলাপ এ পর্যন্ত চারবার অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে দুই দেশের চতুর্থ কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়।