কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত ভিডিও ও অডিও পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তবে এসব উপকরণের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ দাবি করেন। তিনি লেখেন, ভিডিও ও অডিওগুলো যাচাই করে তথ্যের সত্যতা পেয়েছেন। পোস্টের মন্তব্যের ঘরে একটি অডিওর লিংকও দিয়েছেন বলে জানান তিনি।
পোস্টে একটি কথোপকথনের অংশ তুলে ধরা হয়, যেখানে এক ব্যক্তিকে অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চাওয়ার কথাও রয়েছে।
রাশেদ খান জামায়াতে ইসলামী আমির হামজার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তা দেখার কথা উল্লেখ করেন। এ বিষয়ে আমির হামজার বক্তব্য পাওয়া যায়নি।
