ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির প্রতিষ্ঠাকালীন নেতাদের অন্যতম সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট, দলের আদর্শিক অবস্থান এবং কমিটি পুনর্গঠন নিয়ে অসন্তোষের কথা জানিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। বর্তমানে দলটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন সামান্তা।

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, নিজস্ব রাজনৈতিক অবস্থান স্পষ্ট না থাকায় এনসিপি জামায়াতে ইসলামীর মধ্যে হারিয়ে যাচ্ছে। বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় দলটির স্বতন্ত্র রাজনৈতিক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি।

এ ছাড়া দলের মধ্যে নারীবিরোধী রক্ষণশীল প্রবণতা এবং কাউন্সিল ছাড়াই কমিটি পুনর্গঠন নিয়েও আপত্তি জানান সামান্তা।

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হন তিনি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। পদত্যাগের পর নতুন গণতান্ত্রিক রাজনৈতিক উদ্যোগে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।