গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ কয়েকটি দোকান ও ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আটটার দিকে উপজেলার খালেক বাজারে কয়েকটি দোকানে হামলা ও আগুন দেওয়া হয়। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়, নিলফা বাজারের বিএনপি কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনার পর খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব হামলা চালিয়েছেন। ঘটনায় বিএনপির দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানও কার্যালয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
