ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চকবাজারে অগ্নিনিরাপত্তা সচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া

চকবাজারে অগ্নিনিরাপত্তা সচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া

রাজধানীর চকবাজারে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ মহড়া ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালকের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহড়ার শুরুতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে চকবাজারের ব্যবসায়ী, দোকানদার, বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। এ সময় অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার বিষয়ে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে সিদ্দিকবাজার ও লালবাগ ফায়ার স্টেশনের কর্মীরা যৌথভাবে অংশ নেন।

মহড়া শেষে উপস্থিত ব্যক্তিদের আগুন প্রতিরোধে করণীয়, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়ম এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এ ছাড়া গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নেভানোর পদ্ধতি প্রদর্শন ও অনুশীলন করানো হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা চকবাজারের বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রচার চালানো হয়।

অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কেও স্থানীয়দের অবহিত করা হয়।