জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহর নেতৃত্বে বাংলাদেশ-সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অন্য দেশগুলোর অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব।
শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মন্ত্রীরা নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং হজ ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের ধর্মমন্ত্রী সৌদি নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য দেশটির অব্যাহত সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও গভীর হবে।
সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়, কোনো দেশ বরাদ্দ করা হজ কোটা পূরণ করতে না পারলে বা পুরোপুরি ব্যবহার না করলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতার ইতিবাচক আশ্বাস দেন সৌদি মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’
এ সময় দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহও জানান তিনি।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।
