হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের শহরের ভাদৈ গ্রামের বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। তবে পুলিশের দাবি, সেখানে বোমা হামলার ঘটনা ঘটেনি; বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল।
মাহদী হাসান ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির টিনের চালে পরপর দুটি ঢিল ছোড়ার শব্দ শুনতে পান। এর কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
হবিগঞ্জ সদর থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শনিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় মাহদী হাসানের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
অন্যদিকে, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, মাহদী হাসানের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেনি। তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেটিকে কেন্দ্র করে মাহদী হাসান ফেসবুক লাইভে বোমা হামলার অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শনিবার বিকেলে জানান, মাহদী হাসানের বাড়িতে আগুন লাগার কোনো খবর তাঁরা পাননি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো দলও সেখানে যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে শনিবার বিকেল ৩টার দিকে মাহদী হাসানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, ‘আমরা কিন্তু পুলিশকে পুড়িয়ে মেরেছি’—এমন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন মাহদী হাসান। কিছুদিন আগে হবিগঞ্জে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে ভারতে গিয়ে নাজেহালের শিকার হয়ে তাঁকে দেশে ফিরতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েক মাস আগে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকার বিমানবন্দর থেকে তাঁকে বোর্ডিং পাস না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া জল, স্থল ও আকাশপথে মাহদী হাসানের বাংলাদেশ ত্যাগের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। একটি মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাফিউল্লাহ এ আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে হবিগঞ্জের দায়রা জজ আদালতে রিভিশন মামলা করেছেন মাহদী হাসান। মামলাটি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।
