শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙানো হয়। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কারখানাগুলোর নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করা হয়েছে। এ ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকদের ছোট ছোট দলে জড়ো হতে দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো বিশৃঙ্খলা হয়নি।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি, ব্ল্যাকলিস্টিং বন্ধ ও হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে আশুলিয়ার জামগড়া, জিরাবো, নিশ্চিন্তপুর, জিরাবো পুকুরপাড় ও নরসিংহপুর এলাকায় কর্মবিরতি ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের কাজে ফেরার অনুরোধ জানানো হলেও অসন্তোষ পুরোপুরি থামেনি।
এ পরিস্থিতিতে জানমাল ও কারখানার নিরাপত্তার কথা বিবেচনা করে মালিকপক্ষ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে যেসব কারখানা খোলা রয়েছে, সেগুলোতে স্বাভাবিক নিয়মে উৎপাদন চলছে।
বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে নিউএইজ গার্মেন্টস, এআর জিন্স প্রডিসার, ফ্যাশন ডটকম, এফজিএস ডেনিম ওয়্যার, আজমত অ্যাপারেলস, আলপস অ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, এনভয় ফ্যাশন, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, আনাম গার্মেন্টস ও রেডিয়্যান্স নীটওয়্যারসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, নিরাপত্তার শঙ্কায় ৪০টি কারখানা বন্ধ রয়েছে। আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
