কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বর-কনেপক্ষের অর্ধশতাধিক অতিথি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কিরণ মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। পেশায় তিনি পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়েতে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়েছিল। প্রথমে কনেপক্ষের অতিথিরা এবং পরে বিকেলে বরপক্ষের অতিথিরা খাবার খান। এর কিছুক্ষণ পরই অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়।
অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনের অবস্থার অবনতি হলে তাঁদের কিশোরগঞ্জ জেলা সদর ও ভাগলপুরের হাসপাতালে পাঠানো হয়।
বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, খাবার খেয়ে দুই পক্ষের অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন এবং তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সেলিম মিয়া দাবি করেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়েছেন বলে তাঁর ধারণা। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস জানান, এ পর্যন্ত ২২ নারী ও ১৮ পুরুষসহ ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বাড়ছে। অন্য হাসপাতালেও অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। ওষুধ ও চিকিৎসাসরঞ্জামের সংকট নেই। তবে শয্যাসংকটের কারণে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
