ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

  মাটির ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে গুলিতে নিহত ব্যক্তি

  মাটির ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে গুলিতে নিহত ব্যক্তি

 

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বলেন, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছু দূর যাওয়ার পর গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আকলিমার অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ নামের এক ব্যক্তি আগে তাঁর স্বামীকে হুমকি দিয়েছিলেন। লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।