মেক্সিকোর কুখ্যাত গুয়াদালাহারা মাদক কার্টেলের প্রতিষ্ঠাতা মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। একসময় পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে তিনি দেশটির অন্যতম প্রভাবশালী মাদক চোরাচালান চক্রের প্রধান হয়ে ওঠেন। রোববার ৮০ বছর বয়সে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, অসুস্থ অবস্থায় দুই দিন আগে পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে।
১৯৪৬ সালে সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে জন্ম নেওয়া ফেলিক্স গায়ার্দো ১৯৭০-এর দশকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। কলম্বিয়ার মাদক চক্রের সঙ্গে যোগাযোগ গড়ে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের নেটওয়ার্ক সম্প্রসারণ করেন তিনি। অপরাধজগতে ‘বস অব বসেস’ নামে পরিচিতি পান।
১৯৮৯ সালে গ্রেপ্তারের পর তাঁকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯৮৫ সালে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা এনরিক কামারেনা হত্যাকাণ্ডেও তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ২০১৭ সালে এ মামলায় দোষী সাব্যস্ত হয়ে আরও ৩৭ বছরের সাজা পান তিনি। তবে অভিযোগ অস্বীকার করে আসছিলেন ফেলিক্স গায়ার্দো। জীবনের শেষ সময় পর্যন্ত কারাবন্দী ছিলেন তিনি।
