ব্যাংক হিসাব বা সঞ্চয়পত্রের নমিনি হলেই জমা অর্থের চূড়ান্ত মালিক হওয়া যায় না। গ্রাহকের মৃত্যুর পর নমিনি টাকা গ্রহণ করতে পারলেও উত্তরাধিকারীদের আইনসম্মত দাবি বহাল থাকতে পারে। এ বিষয়ে আইন, আদালতের রায় ও বাস্তব অভিজ্ঞতা কী বলছে, তা জানা জরুরি।
বাংলাদেশে সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের নমিনি নিয়ে একাধিকবার আইনি বিরোধ হয়েছে। ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. শহীদুল হক চৌধুরীর মৃত্যুর পর তাঁর দ্বিতীয় স্ত্রী ও প্রথম সংসানের সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। স্ত্রী একমাত্র নমিনি হওয়ায় পুরো অর্থ দাবি করেন। তবে ২০১৬ সালে হাইকোর্ট রায়ে বলেন, নমিনি টাকা গ্রহণ করলেও প্রকৃত উত্তরাধিকারীদের প্রাপ্য অধিকার অক্ষুণ্ন থাকবে।
সঞ্চয়পত্রের ক্ষেত্রে সরকারি ঋণ আইন, ২০২২-এর ১৮ ধারায় নমিনির অর্থ গ্রহণের অধিকার উল্লেখ রয়েছে। একই ধারার ৫ উপধারা অনুযায়ী, নমিনিকে অর্থ দেওয়া হলেও অন্য ব্যক্তির আইনসম্মত অধিকার ক্ষুণ্ন হবে না। অর্থাৎ উত্তরাধিকারীরা তাঁদের প্রাপ্য দাবি করতে পারবেন।
অপ্রাপ্তবয়স্ক সন্তানকে নমিনি করলে তাঁর পক্ষে অর্থ গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়োগের সুযোগও আইনে রয়েছে। একাধিক নমিনি নিয়োগ, পরিবর্তন ও বাতিলের ব্যবস্থাও আছে।
অন্যদিকে ব্যাংক হিসাবের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০৩ ধারা প্রযোজ্য। এ ধারায় নমিনিকে আমানতের অর্থ গ্রহণের অধিকার দেওয়া হয়েছে। তবে অর্থ গ্রহণের মাধ্যমে উত্তরাধিকারীদের আইনসম্মত দাবি শেষ হয়ে যায় না। বিরোধ দেখা দিলে আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।
তাই ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রে নমিনি নির্ধারণের সময় সতর্ক থাকা এবং পারিবারিক পরিস্থিতির পরিবর্তন হলে তথ্য হালনাগাদ করা জরুরি।
