সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সৌদি আরব ‘ভেঙে পড়ছে’। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতেও সৌদি আরব তাঁকে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে পারেন। এ ক্ষেত্রে দেশটির জ্বালানি খাত, সেতু ও উৎপাদনব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে এক দিন, সেতু গুঁড়িয়ে দিতে আরেক দিন এবং উৎপাদন সক্ষমতা নিশ্চিহ্ন করতে তৃতীয় দিন লাগবে।
তবে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাঁকে আপাতত সামরিক অভিযান না বাড়ানোর অনুরোধ জানিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তাঁর কথায়, ‘সৌদি আরব আমাকে বলেছে, পরিস্থিতি এখন যেমন আছে, আপাতত তেমনই থাকতে দিন। কারণ, তারা ভেঙে পড়ছে।’
কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এসব দেশও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে।
উপসাগরীয় দেশগুলোর ওপর নিজের প্রভাব নিয়ে ট্রাম্প এর আগেও বিভিন্ন সময়ে কথা বলেছেন। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সৌদি আরব নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল।
গত মার্চে ইরানকে কেন্দ্র করে সংঘাত তীব্র হওয়ার সময় সৌদি যুবরাজকে নিয়েও মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, মোহাম্মদ বিন সালমান ধারণা করেননি যে তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। একসময় যুবরাজ ভেবেছিলেন, ট্রাম্পও আগের ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টদের মতো হবেন। তবে এখন তাঁকে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে। এতে বিশেষ করে ছোট দেশগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়। শুরুতে সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও পরবর্তী সময়ে ইয়েমেনের হুতিদের হামলার ঝুঁকি বেড়েছে।
গত গ্রীষ্মে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর দেশটিতে আবারও সংঘাত তীব্র হয়েছে। এর জেরে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব হামলার প্রভাব পড়ছে সৌদি অর্থনীতিতেও। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত গুরুত্বপূর্ণ সম্মেলন বাতিল করতে হয়েছে দেশটির কর্তৃপক্ষকে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।
উপসাগরীয় দেশগুলোর ওপর সংঘাতের প্রভাব নিয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে অনেক বিশ্লেষক একমত হলেও মার্কিন প্রশাসনের সবাই একই অবস্থানে নেই। চলতি সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর দুর্ভোগ নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে চাননি।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তাঁর দাবি, দেশগুলো যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ ব্যয় করছে। এসব দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ২৪ বিলিয়ন ডলার।
এদিকে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান নতুন করে শুরু করার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে হরমুজ প্রণালি অবরোধ করে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিয়মিতভাবে যে তেল পরিবহন করা যাচ্ছে না, তা মূলত ইরানের তেল। তাঁর দাবি, দেশটির ওপর অর্থনৈতিক চাপ ইতিমধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এ কারণে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা দেখছেন না প্রেসিডেন্ট।
