ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই হামলায় প্রাণ গেল রাফা ব্রিগেডের প্রধানের

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই হামলায় প্রাণ গেল রাফা ব্রিগেডের প্রধানের

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এবার দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার জ্যেষ্ঠ কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন।

শনিবার খান ইউনিসের মাওয়াসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রোববার হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। ৫৩ বছর বয়সী আবু ইউনিস রাফা ব্রিগেডের কমান্ডার ছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনীও হামাসের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। তবে তাঁর পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় চিকিৎসাকর্মীদের তথ্যমতে, হামলায় আবু ইউনিসের পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন।

হামাসের দাবি, ১৯৯১ সালে সশস্ত্র শাখায় যোগ দেওয়া আবু ইউনিস রাফা এলাকায় গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতির পর এসব হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।