ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি থেকে বিহারের বিভিন্ন রুটে বিমানভাড়া দ্বিগুণ, নেপথ্যে উৎসব ও বিয়ের মৌসুম

দিল্লি থেকে বিহারের বিভিন্ন রুটে বিমানভাড়া দ্বিগুণ, নেপথ্যে উৎসব ও বিয়ের মৌসুম

ভারতে হঠাৎ বেড়ে গেছে বিমান টিকিটের দাম। বিশেষ করে দিল্লি থেকে বিহারের বিভিন্ন শহরে যাতায়াতের ভাড়া কয়েক দিনের ব্যবধানে দ্বিগুণের বেশি হয়েছে। এতে বাড়ি ফিরতে চাওয়া সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে দেশটির ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)।

সংগঠনটির এক জরিপ অনুযায়ী, দিল্লি থেকে পাটনা যাওয়ার টিকিটের দাম বেড়ে ১৮ হাজার রুপিতে দাঁড়িয়েছে। দিল্লি-দ্বারভাঙা রুটে ভাড়া ছাড়িয়েছে ২০ হাজার রুপি। দিল্লি থেকে গয়া যাওয়ার টিকিটের দাম ১৬ হাজার ৭০০ রুপি ছাড়িয়েছে। অথচ স্বাভাবিক সময়ে এ রুটে ভাড়া থাকে পাঁচ থেকে ছয় হাজার রুপি। কলকাতা-গয়া রুটেও টিকিটের দাম বেড়ে প্রায় ১৪ হাজার ৫০০ রুপি হয়েছে।

কিছু রুটে বিরতিসহ বিভিন্ন ফ্লাইটের সর্বোচ্চ ভাড়া ৩০ হাজার থেকে ৪৪ হাজার রুপি পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে সিটিআই।

সংগঠনটির ধারণা, ছট পূজা ও বিয়ের মৌসুমকে কেন্দ্র করে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ছে। ছট পূজা উপলক্ষে দিল্লি থেকে হাজার হাজার মানুষ বিহারের নিজ নিজ শহরে ফিরছেন। পাশাপাশি ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিয়ের মৌসুম ঘিরেও টিকিটের চাহিদা বেড়েছে।

সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল বলেন, বিমানভাড়া বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি মধ্যবিত্ত পরিবার ও সাধারণ যাত্রীরাও সমস্যায় পড়েছেন। কয়েক দিন আগেও যে টিকিট অর্ধেক দামে পাওয়া যেত, এখন সেটির জন্য অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে।

ভাড়া নিয়ন্ত্রণে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপুর কাছে চিঠি দিয়েছে সিটিআই। এতে পাঁচটি দাবি জানানো হয়েছে। উৎসব ও বিয়ের মৌসুমে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারি হস্তক্ষেপ, প্রতিটি রুটে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ এবং দূরত্ব অনুযায়ী স্বচ্ছ ভাড়া কাঠামো চালুর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

এ ছাড়া যাত্রীর চাপ সামলাতে দিল্লি-পাটনা, দিল্লি-দ্বারভাঙা, দিল্লি-মুম্বাই ও দিল্লি-বেঙ্গালুরু রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিমান পরিবহন খাতে প্রতিযোগিতা বাড়াতে আরও দুই-তিনটি নতুন এয়ারলাইন চালুর প্রস্তাব দিয়েছে সিটিআই।