ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ অরলিন্সে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল ক্রুজ জাহাজ, হাসপাতালে ৩২

নিউ অরলিন্সে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল ক্রুজ জাহাজ, হাসপাতালে ৩২

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় যাত্রীবাহী একটি ক্রুজ জাহাজ আংশিক ডুবে উল্টে গেছে। এ ঘটনায় ৩২ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের একটি ট্যাঙ্কার ‘আমেরিকান হেরিটেজ’ ক্রুজ জাহাজটিকে ধাক্কা দেয়। নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংঘর্ষের প্রায় দুই ঘণ্টা আগে ক্রুজ জাহাজটি নদীতে নোঙর করেছিল। তখন যাত্রীদের নামানোর প্রক্রিয়া চলছিল। এ সময় ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটিকে ধাক্কা দিলে সেটি ডুবতে শুরু করে এবং একপর্যায়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, ক্রুজ জাহাজটিতে ১৮০ থেকে ১৯০ জন যাত্রী ছিলেন। সবার খোঁজ পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর লাইফ জ্যাকেট পরা এক ডজনের বেশি যাত্রীকে নদী থেকে উদ্ধার করে কাছাকাছি থাকা জাহাজে তোলা হয়। তখন নদীর পানির তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রত্যক্ষদর্শী জেমি হোলফোর্ড স্থানীয় টেলিভিশনকে বলেন, ধাক্কা লাগার পর জাহাজটি উল্টে যেতে প্রায় ১৫ মিনিট সময় লেগেছিল।

ঘটনাস্থলে বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও জরুরি চিকিৎসাকর্মীরা উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। বন্দরের প্রশাসনিক ভবনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে নৌচলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে কী কারণে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং সেটিতে কোনো পণ্য ছিল কি না, তা এখনো জানা যায়নি।