তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে বিলাল এরদোগানের লেবানন সফর এবং দেশটির শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠল ঘিরে আলোচনা তৈরি হয়েছে। তুরস্কের সরকারে কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও তাঁর এ সফরকে মধ্যপ্রাচ্যে আঙ্কারার প্রভাব বিস্তারের প্রচেষ্টার সঙ্গে মিলিয়ে দেখছেন পর্যবেক্ষকেরা।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রির আমন্ত্রণে বিলাল এরদোগান দেশটি সফর করেন। এ সময় তিনি প্রেসিডেন্ট জোসেফ আউন, পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি, সাবেক দ্রুজ নেতা ওয়ালিদ জুমব্লাতসহ শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। ধর্মীয় নেতাদের সঙ্গেও তাঁর আলোচনা হয়।
লেবাননের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সফরের মূল উদ্দেশ্য সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। তুরস্কের ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বিলাল দেশটিতে গেছেন। বৈঠকে পরিবহন, বাণিজ্য, রপ্তানি এবং যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকগুলোতে ইসরায়েলের কারণে লেবানন ও সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং দেশ দুটির মধ্যে যোগাযোগ বাড়াতে তুরস্কের ভূমিকার বিষয়টিও উঠে আসে।
তবে সফরটির রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বিলালের এই সফরকে কেউ কেউ তুরস্কের আঞ্চলিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে দেখছেন। তাঁকে এরদোগানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করেন কেউ কেউ। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, সফরের সঙ্গে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সম্পর্ক নেই।
শুক্রবার উত্তর লেবাননের ত্রিপোলি শহরেও যান বিলাল। সেখানে মুসলিম ও খ্রিষ্টান ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বক্তব্যে তুরস্ক, লেবানন ও সিরিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, সিরিয়ার সঙ্গে লেবাননের সম্পর্ক উন্নয়ন এবং দেশটিকে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা বাড়াতে আগ্রহী তুরস্ক।
