ভারতের মণিপুর রাজ্যে ইম্ফল-উখরুল সড়কে দুটি গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সংঘটিত এ ঘটনায় নিহতদের মধ্যে দুই ভাই-বোন এবং এক মা ও তার ছেলে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনার পর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস লেজিসলেচার পার্টির (সিএলপি) নেতা কে মেঘচন্দ্র। তিনি অভিযোগ করেন, সরকার মণিপুরের চলমান সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
মেঘচন্দ্র বলেন, সরকারের শোকবার্তা কোনো নিরপরাধ মানুষের জীবনের বিকল্প হতে পারে না। তিনি এ ঘটনায় রাজ্য সরকারের কাছে জবাবদিহি দাবি করেন। একই সঙ্গে মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দীর্ঘ নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, মণিপুরে গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে সহিংসতা চলছে।
