ইরানের ওপর পুনরায় সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা গ্যাডি আইজেনকটের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৪ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে নেতানিয়াহু ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য আইজেনকটের সঙ্গে বিনিময়ের উদ্যোগ নেন। সংবাদমাধ্যমটি একজন অবগত সূত্রের বরাতে জানিয়েছে, এসব তথ্য ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকটের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
তবে ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গফম্যানের ওয়াশিংটন সফরের বিষয়ে আইজেনকট অবগত ছিলেন না বলে জানিয়েছে চ্যানেল ১২। তাঁকে এ সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা হয়েছিল কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক পালাবদলের এই সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হলো। এর আগে নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকট।
এদিকে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, দেশটির সেনাপ্রধান ইয়াল জামির ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে থাকলেও বর্তমান সময়কে উপযুক্ত মনে করছেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অভিযানের উপযুক্ত সময় ও পরিস্থিতি বেছে নেওয়ার পক্ষে তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে কান জানিয়েছে, ইরানের পক্ষ থেকে নতুন হামলা চালানোর মতো তাৎক্ষণিক কোনো হুমকি দেখছে না ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘস্থায়ী ও ক্ষয়ক্ষতিপূর্ণ যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছে তারা। ওই সূত্র আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নাকচ করেছে।
এর আগে চ্যানেল ১২ ইরানের সঙ্গে নতুন সংঘাতের সম্ভাবনা তৈরি করতে পারে—এমন পদক্ষেপ নিয়ে নেতানিয়াহু ও জামিরের মধ্যে মতবিরোধের খবর প্রকাশ করেছিল। তবে নেতানিয়াহুর দপ্তর তা অস্বীকার করে।
অন্যদিকে, শুক্রবার হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ইরানে নতুন হামলার বিষয়ে ওয়াশিংটনের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে মোসাদপ্রধান গফম্যান ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে।
চ্যানেল ১৩ জানিয়েছে, গফম্যান ইরানের পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নসংক্রান্ত গোয়েন্দা তথ্য এবং ওয়াশিংটনের সঙ্গে চুক্তি লঙ্ঘনের বিষয়ে ইসরায়েলের দাবিগুলো তুলে ধরবেন। তবে হারেৎজ জানিয়েছে, সফরের বিস্তারিত বিষয়ে মার্কিন বা ইসরায়েলি কর্তৃপক্ষের কেউ মন্তব্য করেনি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার সমাধান ছাড়াই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এমন কোনো চুক্তি হতে পারে, যা ইরানের ওপর চাপ কমিয়ে দেবে—এমন আশঙ্কা করছে ইসরায়েল। এই উদ্বেগের মধ্যেই নেতানিয়াহু কূটনৈতিক ও সামরিক তৎপরতা চালাচ্ছেন।
একই সময়ে ইসরায়েলের বিরোধী দলের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, ক্ষমতা হস্তান্তরের এই সময়ে নেওয়া সামরিক সিদ্ধান্তগুলো নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
