ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক, আলোচনায় থাকতে পারে ইরান

চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক, আলোচনায় থাকতে পারে ইরান

আগামী সপ্তাহে চীনে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় তিন দেশের নেতাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক অস্ত্র হ্রাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চান। তাঁর মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।

ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই বৈঠকে ইরান প্রসঙ্গও আলোচনায় আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি।

বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠক থেকে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন।

বৃহস্পতিবার তিনি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাতেও অংশ নেবেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাঁদের চতুর্থ বৈঠক।

অলিভিয়া ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প তাঁর চীন সফর শেষ করবেন।

তিনি আরও জানান, এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে অনুষ্ঠেয় আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন ট্রাম্প। তাঁর এ সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক একটি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারগুলো বড় ধরনের বিধিনিষেধের বাইরে চলে গেছে। এতে স্নায়ুযুদ্ধের অবসানের পর গড়ে ওঠা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও কার্যত অবসান ঘটেছে।

জাতিসংঘ উভয় পক্ষকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, চীনকে অন্তর্ভুক্ত করে আরও ভালো একটি চুক্তির মাধ্যমে আগের চুক্তি প্রতিস্থাপন করা যেতে পারে। চীনও বর্তমানে তার পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।

সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, এ বিষয়ে বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়ার চেষ্টা বড় বাধার মুখে পড়তে পারে এবং এতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

চলতি বছরের শুরুর দিকে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে আলাদাভাবে স্বাগত জানিয়েছিলেন শি জিনপিং। অন্যদিকে, গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা সমকক্ষকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, অ্যাপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে চীন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শীর্ষ সম্মেলনে এ ধরনের আলোচনার প্রস্তুতির ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছেন।

সূত্র: বিবিসি।