আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) শ্রমিক সংগঠনগুলোর ডাকা এ কর্মসূচিতে লাখো মানুষ অংশ নেন। দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ধর্মঘটের কারণে পরিবহনসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় বাড়লেও আয় সেই অনুপাতে বাড়ছে না। অন্যদিকে বিরোধী দল পিপি ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শ্রমিকদের ধর্মঘটের অধিকার ও সাশ্রয়ী আবাসনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
