টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন বলে জানিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। ২০২৫ সালের এপ্রিলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য লালনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানান তিনি।
অভিনেতার দাবি, পায়ে গুরুতর চোট পাওয়ার পর দ্রুত সুস্থ হতে বলিউড তারকা অজয় দেবগনের বাবা ও প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের পরামর্শে তিনি এ পদ্ধতি অনুসরণ করেছিলেন। এতে চোট সারার গতি দেখে নিজেও বিস্মিত হয়েছিলেন বলে জানান তিনি। তাঁর এই বক্তব্যের পর ‘ইউরিন থেরাপি’ বা ‘ইউরোফ্যাজিয়া’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাক্ষাৎকারে উপস্থাপক সৌরভ দ্বিবেদীকে পরেশ রাওয়াল জানান, ঘটনাটি ঘটেছিল রাজকুমার সন্তোষী পরিচালিত ও সানি দেওল অভিনীত ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময়। সিনেমার একটি দৃশ্যে অভিনেতা রাকেশ পান্ডের তাঁকে মাছের বাজারের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দৃশ্যটির জন্য দেওয়া নতুন জুতা বাজারের ভেজা মেঝেতে পিচ্ছিল হয়ে পড়ে।
রাওয়াল বলেন, মহড়ার সময় দৃশ্যটি খুব একটা জোরালোভাবে করা না হলেও চূড়ান্ত শুটিংয়ের সময় তা অনেক বেশি তীব্র হয়ে ওঠে। এতে ভারসাম্য হারিয়ে তিনি হাঁটুর ওপর পড়ে যান এবং গুরুতর আহত হন। সহ-অভিনেতা তিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে উদ্ধার করে কাছের নানাবতী হাসপাতালে নিয়ে যান। চোটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তখন নিজের অভিনয়জীবন নিয়েও শঙ্কায় পড়েছিলেন তিনি।
চোটের খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান বীরু দেবগন। পরেশ রাওয়ালের ভাষ্য অনুযায়ী, তিনিই তাঁকে প্রচলিত চিকিৎসার বাইরে গিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম মূত্র পান করার পরামর্শ দেন। বীরু দেবগন জানিয়েছিলেন, অ্যাকশন শিল্পীরাও চোট সারাতে এ পদ্ধতি অনুসরণ করেন। তবে এ সময় আগের রাতে মদ্যপান না করার শর্তও দিয়েছিলেন তিনি।
পরেশ রাওয়াল জানান, পরামর্শটি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বিষয়টি নিয়ম মেনে করার কথা ভাবেন। এক ঢোঁকে পান না করে বিয়ারের মতো ধীরে ধীরে চুমুক দিয়ে পান করতেন। এভাবে টানা ১৫ দিন নিজের মূত্র পান করেন তিনি।
অভিনেতার দাবি, ১৫ দিন পর তাঁর পায়ের এক্স-রে করা হলে চোটের উন্নতি দেখে চিকিৎসকও বিস্মিত হন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা ছিল, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর দুই থেকে আড়াই মাস সময় লাগবে। তবে তিনি দেড় মাসের মধ্যেই শুটিংয়ে ফিরতে সক্ষম হন।
‘ইউরিন থেরাপি’ সম্পর্কে চিকিৎসাবিজ্ঞান কী বলে?
নিজের মূত্র পান করার এ পদ্ধতি ‘ইউরিন থেরাপি’, ‘ইউরোথেরাপি’ বা ‘ইউরোফ্যাজিয়া’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের চিকিৎসাকেন্দ্র ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, কিডনি রক্ত পরিশোধন করে শরীরের অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ বের করে দেওয়ার মাধ্যমে মূত্র তৈরি করে। সুস্থ মানুষের মূত্রে সাধারণত প্রায় ৯৫ শতাংশ পানি থাকে। বাকি অংশে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস ও ব্যাকটেরিয়ার মতো উপাদান থাকতে পারে।
তবে মূত্রে পানি ও কিছু প্রাকৃতিক উপাদান থাকলেই তা রোগ নিরাময়ে কার্যকর—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ক্লিভল্যান্ড ক্লিনিক জানিয়েছে, মূত্র সম্পূর্ণ জীবাণুমুক্ত—এ ধারণাও সঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, পরেশ রাওয়ালের অভিজ্ঞতাকে ব্যক্তিগত ঘটনা হিসেবেই দেখা উচিত। এটি কোনো স্বীকৃত চিকিৎসাপদ্ধতি নয় এবং বৈজ্ঞানিক প্রমাণ বা চিকিৎসকের পরামর্শের বিকল্পও নয়।
