স্বামী-স্ত্রী দুজনেরই চাকরি করার বিষয়টি নিজের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর মতে, বাবা-মা দুজনই কর্মজীবী হলে তাঁদের ব্যস্ততার প্রভাব সন্তানদের ওপর পড়ে। প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
সম্প্রতি নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে শবনম ফারিয়া বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক এবং তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার। আগের প্রধানমন্ত্রীর কন্যাও অটিজম নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে কাজ করেছেন। তাঁদের উদাহরণ নারীদের জন্য অনুপ্রেরণা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
ফারিয়া বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে যখন সরকার ও বিভিন্ন সংস্থা কাজ করছে, তখন দায়িত্বশীল পদে থাকা কারও কাছ থেকে ‘বাবা-মা দুজনের কাজ করা পছন্দ করি না’—এমন বক্তব্য আসা প্রশ্নবিদ্ধ।
সন্তান লালন-পালনের কারণে অনেক নারী মাঝপথে কর্মজীবন ছেড়ে দেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, এ ক্ষেত্রে নারীদের চাকরি ছাড়ার পরামর্শ না দিয়ে কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তাঁর মতে, সন্তান লালন-পালন বাবা ও মা দুজনের সমান দায়িত্ব। কর্মস্থলে মানসম্মত ডে-কেয়ারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় নীতিমালা চালু করা হলে মায়েরা সন্তান ও চাকরি—দুই দায়িত্বই সামলাতে পারবেন।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক পরিবারের জন্য দুজনের উপার্জন প্রয়োজন বলেও মন্তব্য করেন শবনম ফারিয়া। তাঁর ভাষ্য, একজনের আয়ে সন্তানদের ভালো জীবনযাপন ও শিক্ষার ব্যয় বহন করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে।
