ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.১৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানোর প্রমাণ: ফরেনসিক অডিট

আওয়ামী লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.১৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানোর প্রমাণ: ফরেনসিক অডিট

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ০.৮ থেকে ১.১৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানো হয়েছিল বলে জানিয়েছে জিডিপির হিসাব নিয়ে পরিচালিত ফরেনসিক অডিট। অর্থনীতির সাতটি খাতে তথ্য-উপাত্ত অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির হিসাবের ওপর ফরেনসিক অডিটের খসড়া প্রতিবেদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আগের সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত চিত্র তুলে ধরেছিল। এতে আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়। রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে সরকারের সংশ্লিষ্ট কেউ গবেষণার কাজে যুক্ত ছিলেন না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে দুজন গবেষক প্রতিবেদনটির খসড়া তৈরি করেন। অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের মতামত নিয়ে প্রতিবেদনটি পর্যালোচনা করা হচ্ছে।

ফরেনসিক অডিটের ফল তুলে ধরে তিতুমীর বলেন, শিল্প খাতের ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটিতে তথ্য অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া গেছে। তবে বিবিএসের নিজস্ব জরিপ ও নির্ভরযোগ্য তথ্যের ক্ষেত্রে এমন প্রবণতা পাওয়া যায়নি। বরং দ্বিতীয় পর্যায়ের তথ্য ও প্রশাসনিক উপাত্তনির্ভর খাতগুলোতে তথ্য বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল।

উদাহরণ হিসেবে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য, সিমেন্ট উৎপাদন এবং পেট্রোলিয়াম খাতের পরিসংখ্যানের অসংগতির কথা উল্লেখ করেন। তাঁর দাবি, তৈরি পোশাক খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া যায়নি। এ খাতের নির্ভরযোগ্য তথ্য থাকায় উৎপাদন ও মূল্য সংযোজনের হিসাব যাচাই করা তুলনামূলক সহজ।

রপ্তানি তথ্যের ক্ষেত্রেও রপ্তানি উন্নয়ন ব্যুরো, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের উপাত্তে পার্থক্য রয়েছে বলে জানান তিনি। এ কারণে রপ্তানি হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিসংখ্যানের মানোন্নয়নে বিবিএসের কম্পিউটার-অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউয়িং (ক্যাপি) পদ্ধতি চালুর কথা জানান উপদেষ্টা। এতে জিও-কোডিং থাকায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন কি না, তা যাচাই করা যাবে। পাশাপাশি জিডিপির তথ্যের উৎস ও পদ্ধতি পুনরায় যাচাই, শিল্প খাতের নমুনা নির্বাচন এবং তথ্য সংগ্রহের পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে উৎপাদন ও ব্যয়ভিত্তিক পদ্ধতিতে জিডিপি হিসাব করা হয়। এর পাশাপাশি আয়ভিত্তিক হিসাব চালুর বিষয়টিও সরকার বিবেচনা করছে। ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব প্রকাশ এবং গবেষক ও সাধারণ মানুষের জন্য তথ্য উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিতুমীর।

সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, জিডিপির হিসাব নির্ভরযোগ্য করতে বিবিএসের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান নিরূপণে নিবিড় তথ্য সংগ্রহ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা নির্বাচন জরুরি।

সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হকসহ সংশ্লিষ্ট গবেষক ও কর্মকর্তারা বক্তব্য দেন।