রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত।
গত ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।
