ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না; নিজেদের দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা ব্যর্থতার দায় নিতে চান না, নিজেরাও ব্যর্থ হতে চান না।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরে শফিকুর রহমান উদ্বেগ জানান। আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের কথা উল্লেখ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনের বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনাও তুলে ধরেন।

এ ছাড়া পার্বত্য এলাকায় অভিযানে এক সেনাসদস্যের মৃত্যু, সাজেকের অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, এতগুলো বাহিনী থাকার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, তার ব্যাখ্যা প্রয়োজন। সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য পাননি বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না।

বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে এক প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ জানান তিনি। তার অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সদস্যকে ফোন করে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

জাতীয় সংকট মোকাবিলায় সরকারের সহযোগিতার আহ্বান জানালে বিরোধী দল তা বিবেচনা করবে বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, সহযোগিতা প্রয়োজন হলে সরকারকে তা স্পষ্টভাবে জানাতে হবে।

এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন তিনি। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, গোয়েন্দা কার্যালয়ের সামনেই বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিতে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি।

একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াত ছাড়ার পরামর্শ দিয়ে ফোন করা হয়েছে বলে সংসদে ওঠা অভিযোগের তদন্ত দাবি করেন বিরোধীদলীয় নেতা। ফোনটি সত্য নাকি ভুয়া, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

বক্তব্যের শেষ দিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ ও স্পষ্ট অবস্থান দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া উচিত নয়।