ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ

‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ

স্ত্রীর মৃত্যুর খবর দিয়ে স্বামীর ফোন বন্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর শ্যামপুরে। পরে ভাড়া বাসা থেকে সূচনা আক্তার (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পশ্চিম জুরাইনের একটি বাসায় খাটের ওপর সূচনার মরদেহ পাওয়া যায়। তাঁর গলায় দড়ি প্যাঁচানো ছিল। পরিবারের অভিযোগ, স্বামী রুবেল তাঁকে প্রায়ই নির্যাতন করতেন এবং ঘটনার পর পালিয়ে গেছেন।

পরিবারের দাবি, সোমবার রাতেও সূচনাকে মারধর করা হয়েছিল। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে শ্যামপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহকে ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।