সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রোববার (৮ নভেম্বর) সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। পরে সেখানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায় সৌদি কর্তৃপক্ষ। সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়। এর প্রায় দুই ঘণ্টা পর রিয়াদ লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সৌদি আরবের দাবি, সেগুলোও ভূপাতিত করা হয়েছে।
এর আগে শনিবার ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে সৌদি বিমানবাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত হন। ওই হামলার পর সৌদি আরবকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সাম্প্রতিক সময়ে সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি আরব নিয়মিত হুথিদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে সৌদি ভূখণ্ডে হামলা বাড়িয়েছে হুথি গোষ্ঠী।
সূত্র: আলজাজিরা
