সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রাম রিলস দেখার অভ্যাসকেই চাকরিতে পরিণত করার সুযোগ দিচ্ছে ভারতের একটি প্রতিষ্ঠান। ‘ডুমস্ক্রলার’ নামের এ পদে নিয়োগ পাওয়া ব্যক্তির কাজ হবে ভাইরাল ভিডিও ও অনলাইন ট্রেন্ড পর্যবেক্ষণ করা।
ভারতের রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের প্রকাশিত ভিডিওতে জানানো হয়, আগ্রহী প্রার্থীকে দিনের বড় একটি সময় ইনস্টাগ্রাম স্ক্রল করে আলোচিত বিষয়গুলো শনাক্ত করতে হবে।
আবেদন করতে ইনস্টাগ্রামে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে মন্তব্য অথবা বায়োতে দেওয়া গুগল ফরম পূরণ করতে হবে। আবেদনকারীর জীবনবৃত্তান্তসহ ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
গত ৪ নভেম্বর প্রকাশিত নিয়োগ ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি তিন লাখের বেশি বার দেখা হয়েছে এবং ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন। তবে পদটির বেতন প্রকাশ করা হয়নি।
