ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

  শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা

  শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা

 

শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতিতে প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এতে রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ার পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। ব্যবসায়ীদের ধারণা, সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়াতে পারে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, ১ ও ২ নভেম্বর উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৮৫০ কোটি টাকার রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তী তিন দিনে আরও ৪২০টি কারখানায় উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ বাড়ে। এ ছাড়া বিভিন্ন কারখানা ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অতিরিক্ত পরিচালন ব্যয় উদ্যোক্তাদের আর্থিক চাপ বাড়িয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রয়াদেশ হারানোর আশঙ্কাও রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নির্ধারণ করা হয়নি।